জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে মোজাম্মেল হক (৪০) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু ও মাটি উত্তোলনে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার দাতভাঙ্গা ব্রিজসংলগ্ন জৈটারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হক উপজেলার চর আদিয়ার পাড় গ্রামের বাসিন্দা।
জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোজাম্মেল হককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছিল। বালু ও মাটি পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ ছাড়া যানবাহনের কারণে সড়কে ধুলাবালু ছড়িয়ে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি পথচারী ও এলাকাবাসীকে ভোগান্তিতে পড়তে হতো।
স্থানীয়দের অভিযোগ, এসব কাজে বাধা দিতে গেলে হুমকির মুখেও পড়তে হতো তাঁদের।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে জৈটারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন